আগামী নির্বাচন পিআর পদ্ধতিতেই হবে: জামায়াত সেক্রেটারি

০ মতামত 39 views

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতেই অনুষ্ঠিত হবে। তিনি বলেন, “দেশের জনগণ এ পদ্ধতি গ্রহণে প্রস্তুত। বিএনপি পিআর পদ্ধতির বিরুদ্ধে অবস্থান নিলেও জামায়াত তাতে অনড়।”

শনিবার সকালে নড়াইল জেলা পরিষদ মিলনায়তনে জেলা জামায়াত আয়োজিত লিডারশিপ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, “পিআর পদ্ধতির নির্বাচনে পেশিশক্তি, কালোটাকার প্রভাব ও মনোনয়ন বাণিজ্য বন্ধ হবে। রাষ্ট্রপতির ভোটের মতো একজন রিকশাচালকের ভোটও সমান গুরুত্ব পাবে। এতে কোয়ালিটিসম্পন্ন সংসদ গঠন সম্ভব হবে।”

অধ্যাপক পরওয়ার আরও বলেন, “পিআর পদ্ধতি জামায়াতের নতুন দাবি নয়। আমাদের সাবেক আমির অধ্যাপক গোলাম আজম সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে তত্ত্বাবধায়ক সরকার ও পিআর পদ্ধতির কথা বলেছিলেন। যেমনটি তত্ত্বাবধায়ক সরকার বাস্তবায়িত হয়েছে, তেমনি সব দলের অংশগ্রহণ নিশ্চিত করতে পিআর পদ্ধতিও বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ।”

তিনি দাবি করেন, বর্তমানে বিশ্বের ৯১টি দেশে পিআর পদ্ধতিতে নির্বাচন হচ্ছে এবং এটি একটি অধিক গ্রহণযোগ্য ও নিরপেক্ষ পদ্ধতি।

কর্মশালায় আরও উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসেন, জেলা জামায়াতের সাবেক আমির মির্জা আশেক এলাহী, বর্তমান আমির আতাউর রহমান বাচ্চু এবং সেক্রেটারি মাওলানা মো. ওবায়দুল্লাহ কায়সার প্রমুখ।

Leave a Comment