আগামী ২০ আগস্ট উদ্বোধন হচ্ছে দ্বিতীয় তিস্তা সেতু

০ মতামত 68 views

কুড়িগ্রাম-গাইবান্ধার সরাসরি সড়ক যোগাযোগের দ্বার খুলছে

বহু জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আগামী ২০ আগস্ট উদ্বোধন হতে যাচ্ছে দ্বিতীয় তিস্তা সেতু। এর আগে সেতুটির উদ্বোধন ২৫ আগস্ট নির্ধারণ করা হলেও নতুন সিদ্ধান্ত অনুযায়ী তা এগিয়ে আনা হয়েছে।

সোমবার (১১ আগস্ট) রাতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ শামীম বেপারীর স্বাক্ষরিত একটি পত্রের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছেন গাইবান্ধা এলজিইডির নির্বাহী প্রকৌশলী উজ্জ্বল চৌধুরী।

এর আগে ৪ জুলাই সেতু পরিদর্শনে গিয়ে স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী জুলাই মাসেই সেতুটি উদ্বোধনের ইচ্ছা প্রকাশ করেছিলেন। পরে ২ আগস্ট উদ্বোধনের দিন নির্ধারণ হলেও তা পিছিয়ে ২৫ আগস্ট করা হয়। সবশেষ নতুন সিদ্ধান্তে উদ্বোধনের চূড়ান্ত তারিখ ২০ আগস্ট নির্ধারিত হয়।

প্রকৌশলী উজ্জ্বল চৌধুরী জানান, সেতুর লাইটিং ও রংয়ের কাজ সম্পন্ন হয়েছে। উদ্বোধনের দিন থেকেই কুড়িগ্রাম ও গাইবান্ধার মধ্যে সরাসরি সড়ক যোগাযোগ চালু হবে।

তিনি আরও বলেন, দ্বিতীয় তিস্তা সেতু শুধু দুই জেলার মানুষের যাতায়াত সহজ করবে না, এটি উত্তরবঙ্গের অর্থনীতিতে বড় অবদান রাখবে। পাশাপাশি কুড়িগ্রাম থেকে গাইবান্ধা হয়ে ঢাকার দূরত্ব প্রায় ১৩৫ কিলোমিটার কমে যাবে, ফলে ৩ থেকে সাড়ে ৩ ঘণ্টা সময় সাশ্রয় হবে।

সেতুটি উদ্বোধন করবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

Leave a Comment