পিরোজপুরের নেছারাবাদ উপজেলার জনপ্রিয় পর্যটন কেন্দ্র আটঘর-কুড়িয়ানার পেয়ারা বাগান ও ভাসমান বাজারে পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় ছয় দফা নির্দেশনা জারি করেছে উপজেলা প্রশাসন।
রোববার (২৭ জুলাই) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহিদুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা দেওয়া হয়।
প্রশাসন জানিয়েছে, এলাকাটি একটি প্রাকৃতিক ও পরিবেশ-সংবেদনশীল অঞ্চল। এখানে স্থানীয় মানুষের স্বাভাবিক কর্মপরিবেশ ও আগত পর্যটকদের নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতে নির্দিষ্ট নিয়মকানুন মেনে চলা বাধ্যতামূলক।
জারিকৃত ৬ নির্দেশনা হলো:
- কোনো ধরনের বাদ্যযন্ত্র বা সাউন্ড সিস্টেম ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। উচ্চ শব্দে পরিবেশ ও বন্যপ্রাণীর ক্ষতি হয় এবং স্থানীয় জনজীবনে বিঘ্ন ঘটে।
- সকল পর্যটককে শালীনতা বজায় রাখতে হবে। নারী-পুরুষ নির্বিশেষে সব বয়সী পর্যটকের আগমন ঘটে বিধায় অশ্লীলতা পরিহার করতে হবে।
- বড় আকারের ট্রলার বা উচ্চ শব্দযুক্ত ইঞ্জিনচালিত নৌকা নিয়ে প্রবেশ নিষিদ্ধ। এ ধরনের যানবাহন শব্দ ও পানিপথে ভিড় সৃষ্টি করে যা বাগানের পরিবেশের জন্য ঝুঁকিপূর্ণ।
- ছোট বা মাঝারি আকারের নৌযান ব্যবহার করতে উৎসাহিত করা হচ্ছে, যাতে প্রাকৃতিক ভারসাম্য বজায় থাকে এবং অন্য পর্যটকরাও নিরাপদে ভ্রমণ উপভোগ করতে পারেন।
- পানিতে কোনো খাবারের উচ্ছিষ্টাংশ, পলিথিন, প্লাস্টিক বা অন্যান্য বর্জ্য ফেলা সম্পূর্ণরূপে নিষিদ্ধ।
- আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
প্রশাসনের বার্তা:
উপজেলা প্রশাসন জানায়, পর্যটন এলাকার পরিবেশ রক্ষা এবং স্থানীয় জনগণের জীবনযাত্রা নির্বিঘ্ন রাখতে প্রশাসন এ সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে আরও জানানো হয়,
“সবার সম্মিলিত সচেতনতা ও সহযোগিতা থাকলে আটঘর-কুড়িয়ানার পেয়ারার রাজ্য আরও আকর্ষণীয় ও নিরাপদ পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে উঠবে।”
পর্যটকদের আকর্ষণ:
প্রতি বছর বর্ষা মৌসুমে হাজারো দেশি-বিদেশি পর্যটক আটঘর-কুড়িয়ানার ভাসমান পেয়ারা বাজার দেখতে ছুটে আসেন। নদীবেষ্টিত এ অঞ্চলটির প্রাকৃতিক সৌন্দর্য, পেয়ারা ও অন্যান্য মৌসুমি ফলের সমারোহ পর্যটকদের জন্য অন্যতম আকর্ষণ।