ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক শাকিব খানকে ঘিরে প্রেম ও বিয়ের গুঞ্জন যেন থামছেই না। এবার নতুন করে আলোচনায় এলেন চিত্রনায়িকা ও দন্ত্য চিকিৎসক মিষ্টি জান্নাত।
সম্প্রতি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে শাকিব খানের সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন মিষ্টি জান্নাত। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘সেই ১ম বার’, সঙ্গে ভালোবাসার তিনটি ইমোজি। এরপর থেকেই সোশ্যাল মিডিয়ায় শাকিব-মিষ্টির প্রেম নিয়ে শুরু হয়েছে নতুন করে গুঞ্জন।
অনেকে ধারণা করছেন, শাকিব খানের জন্য যে ডাক্তার পাত্রী খোঁজা হচ্ছিল— তা হয়তো মিষ্টি জান্নাতই। উল্লেখ্য, গত বছর জীবনের তৃতীয় বিয়ে নিয়ে শাকিব খান আলোচনায় আসেন। সেই সময় নায়কের পরিবারের তরফ থেকে তার জন্য পাত্রী খোঁজার খবরও প্রকাশ্যে আসে।
নেটিজেনদের মন্তব্যে বিষয়টি আরও রঙ ছড়িয়েছে। একজন লিখেছেন, ‘অনেক সুন্দর লাগছে তোমাদের, এবার বিয়ে করে ফেলুন।’ আরেকজন বলেন, ‘দয়া করে আপনি শাকিবকে বিয়ে করুন, সব গুঞ্জনের শেষ হোক।’
প্রসঙ্গত, মিষ্টি জান্নাত ২০১৪ সালে ‘লাভ স্টেশন’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন। এরপর নিয়মিত অভিনয় করলেও ইদানীং তিনি চিকিৎসা পেশায়ও মনোযোগী।