ইসরাইলি হামলায় গত ২৪ ঘণ্টায় আরও ৬৭ ফিলিস্তিনি নিহত

০ মতামত 27 views

গাজা সিটি দখলের মিশনে আরও বেপরোয়া হয়ে উঠেছে ইসরাইলি বাহিনী। প্রতিনিয়ত চলছে বিমান হামলা ও স্থল অভিযান। শনিবার (৬ সেপ্টেম্বর) একদিনের ব্যবধানে প্রাণ হারিয়েছেন আরও ৬৭ ফিলিস্তিনি।

স্থানীয় সূত্রে জানা গেছে, গাজা সিটিতে যে কয়েকটি স্থাপনা এখনো অটুট রয়েছে সেগুলোকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে ইসরাইল। শনিবার হামাসের আস্তানা দাবি তুলে গুড়িয়ে দেওয়া হয় ১৫ তলা বিশিষ্ট সুসি টাওয়ার। ধ্বংস হওয়া ভবনটির ঠিক বিপরীতে ছিল জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা ইউএনআরডাব্লিউএর কার্যালয়।

এদিকে গাজার বিভিন্ন এলাকা থেকে সাধারণ মানুষকে সরে যাওয়ার নির্দেশনা দিচ্ছে ইসরাইলি বাহিনী। তবে যথেষ্ট সময় না দিয়েই চালানো হচ্ছে বোমাবর্ষণ। বিমান হামলার পাশাপাশি দেইর আল বালাহ, খান ইউনিসসহ বিভিন্ন এলাকায় চলছে পদাতিক বাহিনীর স্থল অভিযানও।

গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ জানায়, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরাইল-হামাস যুদ্ধের পর এখন পর্যন্ত গাজায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৪ হাজার ৪৩৫ জনে। আহত হয়েছেন এক লাখ ৬২ হাজার ৩৬৭ জন। ধ্বংসস্তূপের নিচে এখনো হাজারো মানুষ আটকে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

Leave a Comment