২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলের পরিচালিত যুদ্ধ অভিযানে এখন পর্যন্ত গাজায় নিহত ফিলিস্তিনির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬১ হাজার ৮২৭ জনে। শুক্রবার গাজাভিত্তিক স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে তুরস্কের সংবাদ সংস্থা আনাদোলু।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের দৈনিক প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৫১ জন নিহত এবং ৩৬৯ জন আহত হয়েছেন। এ নিয়ে যুদ্ধ শুরুর পর থেকে আহতের মোট সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫৫ হাজার ২৭৫ জনে।
এদিকে, অবরুদ্ধ গাজায় খাবার ও চিকিৎসা সামগ্রীর চরম সংকটের মধ্যে অপুষ্টিজনিত কারণে আরও এক কিশোরীর মৃত্যু হয়েছে। চলমান মানবিক সংকটে এ পর্যন্ত অনাহার ও অপুষ্টিতে মোট ২৪০ জন মারা গেছেন, যাদের মধ্যে ১০৭ জন শিশু।
নিরবচ্ছিন্ন বিমান হামলা ও উদ্ধার সরঞ্জামের ঘাটতির কারণে ধ্বংসস্তূপে আটকে থাকা আহত ও নিহতদের কাছে পৌঁছাতে হিমশিম খাচ্ছে বেসামরিক প্রতিরক্ষা কর্মীরা।
স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানায়, গত ১৮ মার্চ যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি ভঙ্গ করে ইসরায়েল ফের সামরিক অভিযান শুরু করে। এরপর থেকে এ পর্যন্ত আরও ১০ হাজার ৩০০ ফিলিস্তিনি নিহত ও ৪৩ হাজার ২৩৪ জন আহত হয়েছেন।