উত্তরায় বিমান দুর্ঘটনা : পালিত হচ্ছে রাষ্ট্রীয় শোক

০ মতামত 73 views

ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে কোমলমতি শিক্ষার্থীসহ বহু প্রাণহানির ঘটনায় আজ মঙ্গলবার (২২ জুলাই) সারাদেশে পালিত হচ্ছে একদিনের রাষ্ট্রীয় শোক।

সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী, আজ দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান এবং বেসরকারি ভবনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ও মিশনগুলোতেও একইভাবে পতাকা অর্ধনমিত রাখা হচ্ছে।

সরকারের প্রজ্ঞাপনে বলা হয়, “বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান দুর্ঘটনায় কোমলমতি শিশু ও সাধারণ মানুষের মর্মান্তিক মৃত্যুতে অন্তর্বর্তী সরকার গভীরভাবে শোকাহত। নিহতদের স্মরণে আজ রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে।”

এ উপলক্ষ্যে আজ দেশের সকল মসজিদে নিহতদের আত্মার মাগফেরাত ও আহতদের দ্রুত সুস্থতার জন্য বিশেষ দোয়া অনুষ্ঠিত হচ্ছে। একইভাবে অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানেও আয়োজন করা হচ্ছে বিশেষ প্রার্থনার।

এর আগে সোমবার (২১ জুলাই) বিকেলে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে রাষ্ট্রীয় শোক পালনের সিদ্ধান্ত জানানো হয়। সন্ধ্যায় মন্ত্রিপরিষদ বিভাগ থেকে আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হয়।

উল্লেখ্য, সোমবার দুপুরে উত্তরার মাইলস্টোন স্কুল ক্যাম্পাসে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হলে ২৭ জন নিহত হন, যাদের মধ্যে ২৫ জনই শিশু। আহত অবস্থায় ৭৮ জন বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।

Leave a Comment