উত্তরা বিমান দুর্ঘটনায় নিহত ২৭ জনের মধ্যে ২৫ জন শিশু

০ মতামত 28 views

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিহত ২৭ জনের মধ্যে ২৫ জনই শিশু। মঙ্গলবার (২২ জুলাই) সকালে রাজধানীর জাতীয় বার্ন ইনস্টিটিউটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান।

তিনি বলেন, “এ পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ জনে। এর মধ্যে দুইজন প্রাপ্তবয়স্ক ছাড়া বাকি সবাই শিশু। নিহত প্রাপ্তবয়স্কদের একজন পাইলট তৌকির ইসলাম এবং অপরজন শিক্ষক মাহরীন চৌধুরী।”

ডা. সায়েদুর রহমান জানান, দুর্ঘটনায় আহত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৭৮ জন। এর মধ্যে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ৪২ জন, সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ২৮ জন এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনজন চিকিৎসাধীন। সিএমএইচে ১৫ জনের মরদেহ রাখা হয়েছে। পাইলট তৌকিরের মরদেহ সিএমএইচে সংরক্ষিত রয়েছে বলে নিশ্চিত করেন তিনি।

তিনি আরও বলেন, “৬ জনের মরদেহের পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। তাদের ডিএনএ সংগ্রহ করা হয়েছে।”

এদিকে ইউনাইটেড হাসপাতালে একজনের মরদেহ রাখা হয়েছে বলে জানান তিনি। সবমিলিয়ে মৃতের সংখ্যা ২৭ জন এবং হাসপাতালে ভর্তি আছেন ৭৮ জন। দুর্ঘটনার পর থেকেই বার্ন ইনস্টিটিউট, সিএমএইচ, ঢাকা মেডিকেল ও বেসরকারি কয়েকটি হাসপাতালে জরুরি ভিত্তিতে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

উল্লেখ্য, সোমবার (২১ জুলাই) দুপুরে উত্তরার ৯ নম্বর সেক্টরে মাইলস্টোন স্কুলের অভ্যন্তরে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এতে হতাহতের এই ঘটনা ঘটে।

Leave a Comment