ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে একদিনে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৩৩১ জন ডেঙ্গুরোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
শনিবার (২৫ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) রয়েছেন সর্বোচ্চ ১৩২ জন। চট্টগ্রাম বিভাগে ৩০ জন, ঢাকা বিভাগের বিভিন্ন এলাকায় ৭৩ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২৮ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৪৭ জন, ময়মনসিংহে ৩ জন এবং খুলনা বিভাগে ১৮ জন নতুন করে ভর্তি হয়েছেন।
একই সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ২৭৫ জন ডেঙ্গুরোগী। এ নিয়ে চলতি বছর মোট ১৭ হাজার ৬৯৩ জন রোগী চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
ডেঙ্গু আক্রান্ত এবং মৃত্যুর হার রোধে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি এডিস মশার প্রজননস্থল ধ্বংসে আরও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।