এক বছরে বিএনপির আয় সাড়ে ১৫ কোটি টাকা: রিজভী

০ মতামত 83 views

২০২৪ পঞ্জিকা বছরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর আয় হয়েছে ১৫ কোটি ৬৫ লাখ ৯৪ হাজার ৮৪২ টাকা। ব্যয় হয়েছে ৪ কোটি ৮০ লাখ ৪ হাজার ৮২৩ টাকা। দলটির ফান্ডে বর্তমানে জমা রয়েছে ১০ কোটি ৮৫ লাখ ৯০ হাজার ১৯ টাকা।

রোববার (২৭ জুলাই) সকালে নির্বাচন কমিশনে (ইসি) আয়-ব্যয়ের হিসাব জমা দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচন ভবনে কমিশনের সিনিয়র সচিব মো. আখতার আহমেদের কাছে দলীয় হিসাব হস্তান্তরের পর এসব তথ্য জানান তিনি।

রিজভী জানান, দলটির আয় এসেছে সদস্যদের মাসিক চাঁদা, বই ও পুস্তক বিক্রয়, ব্যাংক সুদ এবং এককালীন অনুদান থেকে। ব্যয় হয়েছে ব্যক্তিগত ও দুর্যোগকালীন সহযোগিতা, রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়ন, লিফলেট-পোস্টার ছাপাসহ বিভিন্ন খাতে।

নির্বাচন কমিশনের সমালোচনা করে রিজভী বলেন, “পূর্বে নির্বাচন কমিশন প্রাতিষ্ঠানিক স্বাধীনতা হারিয়ে নির্বাহী বিভাগের অধীনে চলে গিয়েছিল। তারা ফ্যাসিবাদের হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়েছে এবং দিনের ভোট রাতে করেছিল। মেরুদণ্ডহীন ও চাকরিলোভী লোক দিয়ে কমিশন গঠন করে একটি লুটের নির্বাচন পরিচালনা করা হয়েছিল।”

উল্লেখ্য, প্রতিটি নিবন্ধিত রাজনৈতিক দলকে প্রতি বছর নির্ধারিত সময়ের মধ্যে তাদের আর্থিক হিসাব নির্বাচন কমিশনে জমা দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে।

Leave a Comment