হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র নেতাকর্মীদের হাতে গণমাধ্যমকর্মীরা লাঞ্ছিত হওয়ার পর সংবাদ সম্মেলন বয়কট করে ফিরে গেছেন সাংবাদিকরা। আজ বৃহস্পতিবার সকাল পৌনে ১০টার দিকে বিমানবন্দরের ভিআইপি গেট এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিয়ে দেশে ফিরেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও তার সফরসঙ্গীরা। এই সফর ঘিরেই বিমানবন্দরে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
প্রত্যক্ষদর্শী গণমাধ্যমকর্মীরা জানান, ভিআইপি গেটে বিএনপি নেতা হুমায়ুন কবির ব্রিফিং দিচ্ছিলেন। এ সময় সেখানে উপস্থিত এনসিপি নেতারা উচ্চস্বরে স্লোগান দিতে থাকেন। এক সাংবাদিক তাদের অনুরোধ করলে নেতাকর্মীরা তাদের ওপর চড়াও হন এবং লাঞ্ছিত করেন।
ঘটনার প্রতিবাদে গণমাধ্যমকর্মীরা সংবাদ সম্মেলন বয়কট করে ঘটনাস্থল ত্যাগ করেন।