এবার আর যেনতেন নির্বাচন মেনে নেওয়া হবে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, “১৪, ১৮ ও ২৪ মার্কা নির্বাচনের আলামত লক্ষ্য করা যাচ্ছে। যারা এ ধরনের অপকর্মের চিন্তা করছেন, তাদের জন্য আমাদের বার্তা স্পষ্ট—মানুষ রক্ত দিয়ে পরিবর্তন এনেছে, প্রয়োজনে আবার রক্তের বিনিময়ে সেই পরিবর্তনকে সফল করব। এ জাতি কাউকে ছাড় দেয়নি, আমরাও দেবো না।”
আজ শনিবার (৫ জুলাই) সকালে ফেনী যাওয়ার পথে কুমিল্লার আলেখারচর বিশ্বরোডে এক পথসভায় তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, “ছাত্র, যুবক, শ্রমিক অতীতেও বুক চিতিয়ে অধিকার আদায়ে লড়াই করেছে। আগামীতেও সেই অধিকার আদায়ে এগিয়ে যেতে হবে। আমাদের লড়াই কোনো ব্যক্তির বিরুদ্ধে নয়, ফ্যাসিবাদের বিরুদ্ধে। ফ্যাসিবাদ পুরনো হোক বা নতুন, যতদিন তা থাকবে, ততদিন আমাদের লড়াই চলবে।”
স্বপ্নের বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে জামায়াতের আমির বলেন, “আমরা এমন একটি দেশ গড়তে চাই, যেখানে কিশোর, তরুণ ও যুবকরা শান্তিতে নিশ্বাস নিতে পারবে। একটি চাঁদাবাজমুক্ত, দখলবাজমুক্ত সমাজ গড়তে হলে আল্লাহর আইনের বিকল্প নেই। আমরা সকলকে আল্লাহর আইনের দিকে ফিরে আসার আহ্বান জানাই।”
পথসভায় সভাপতিত্ব করেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগর আমির কাজী দ্বীন মোহাম্মদ। সভা পরিচালনা করেন মহানগর সেক্রেটারি মাহবুবর রহমান।
এছাড়া সভায় আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মোহাম্মদ মাসুম, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও কুমিল্লা জেলা দক্ষিণ আমির অ্যাডভোকেট মোহাম্মদ শাজাহান, উত্তর জেলা আমির অধ্যাপক আব্দুল মতিন, মহানগর জামায়াতের নায়েবে আমির মোহাম্মদ মোছলেহ উদ্দিন এবং অধ্যাপক এ কে এম এমদাদুল হক মামুন।