এসএসসির ফল প্রস্তুত, প্রকাশ শিগগিরই

০ মতামত 58 views

এসএসসি ও সমমান পরীক্ষার ফল তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে পৌঁছেছে। ফল প্রকাশের সম্ভাব্য তিনটি তারিখ চূড়ান্ত করে শিগগিরই শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠাবে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। শিক্ষা মন্ত্রণালয় যেকোনো একটি তারিখ অনুমোদন দিলে, সেদিনই ফল প্রকাশ করা হবে।

আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, “ফলাফল তৈরির কাজ প্রায় শেষ। এখন আমরা সম্ভাব্য ফল প্রকাশের তারিখ ঠিক করে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠাব। মন্ত্রণালয় যেদিন অনুমোদন দেবে, সেদিনই আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হবে।”

সম্ভাব্য তারিখ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, “এটি এখনো চূড়ান্ত হয়নি। তবে সবশেষ পরীক্ষা হয়েছিল ১৫ মে, সে হিসেবে ৬০ কর্মদিবসের মধ্যে—অর্থাৎ ১৫ জুলাইয়ের মধ্যে ফল প্রকাশের কথা। সবকিছু ঠিক থাকলে এই সময়ের মধ্যেই ফল পাবে প্রায় ১৫ লাখ পরীক্ষার্থী।”

প্রসঙ্গত, এসএসসি ও সমমান পরীক্ষা দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত হয়। ফল প্রকাশের দিন শিক্ষার্থীরা বোর্ডের ওয়েবসাইট ও এসএমএসের মাধ্যমে ফল জানতে পারবে।

Leave a Comment