দ্বিতীয় ধাপের সংলাপে আলী রীয়াজের আশাবাদ
চলমান রাজনৈতিক সংস্কার প্রক্রিয়ার অংশ হিসেবে জুলাই মাসের মধ্যেই ‘জুলাই সনদ’ ঘোষণা সম্ভব বলে আশাবাদ ব্যক্ত করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ। তিনি বলেন, সকল পক্ষের আন্তরিকতা ও সহযোগিতায় এই সনদ প্রকাশ বাস্তবায়নযোগ্য হয়ে উঠেছে।
বুধবার (২ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংলাপের দ্বিতীয় ধাপের অষ্টম দিনের অনুষ্ঠানে সূচনা বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
আলী রীয়াজ বলেন, “কখনো কখনো আমরা অগ্রসর হই, আবার কখনো পিছিয়ে যাই। তবে সকলের সম্মিলিত প্রচেষ্টায় জুলাই মাসের মাঝামাঝি সময়ের মধ্যেই একটি সনদের জায়গায় পৌঁছানো সম্ভব হবে বলে আমি আশাবাদী।”
তিনি বলেন, “রাষ্ট্র কাঠামো পরিবর্তনের মধ্য দিয়ে একটি জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনের চেষ্টা চলছে, যেখানে নাগরিকদের গণতান্ত্রিক অধিকার ও জীবনের অধিকার সুরক্ষিত থাকবে। যাতে কেউ গুম, বিচারবহির্ভূত হত্যা বা রাষ্ট্রীয় দমন-পীড়নের শিকার না হয়।”
আলী রীয়াজ আরও বলেন, “এক বছর আগে আমরা সবাই মিলে রাজনৈতিক দলগুলোর ঊর্ধ্বে উঠে রাজপথে নেমেছিলাম। সেই জুলাই গণ-অভ্যুত্থান ছিল জনগণের বিজয়। সেই অর্জনকে শুধু স্মরণ করলেই হবে না, সুরক্ষিত করাও জরুরি। রাজনৈতিক সংস্কার সেই সুরক্ষারই পথ।”
তিনি জানান, সংস্কার প্রক্রিয়ার সঙ্গে যুক্ত রাজনৈতিক দলগুলো এই লক্ষ্য অর্জনে ইতিবাচকভাবে অংশ নিচ্ছে এবং পরামর্শ দিচ্ছে।