কক্সবাজারের হিমছড়ি সমুদ্র সৈকতে গোসল করতে নেমে স্রোতের টানে ভেসে গিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। একই ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও দুই শিক্ষার্থী।
মৃত শিক্ষার্থীর নাম কে এম সাদনান রহমান সাবাব (২১)। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন এবং রাজধানীর মিরপুর এলাকার বাসিন্দা। তার বাবার নাম কে এম আনিসুর রহমান।
মঙ্গলবার (৮ জুলাই) সকালে হিমছড়ি সৈকতের একটি পয়েন্টে গোসল করতে নামলে তিনজনই পানির প্রবল স্রোতে ভেসে যান বলে প্রাথমিকভাবে জানা গেছে।
এ ঘটনায় নিখোঁজ রয়েছেন বগুড়া জেলার দুই শিক্ষার্থী—আসিফ আহমেদ (২২), পিতা রফিকুল ইসলাম এবং অরিত্র (২২), পিতা আমিনুল ইসলাম। তারা একই বিভাগের সহপাঠী বলে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয় সূত্র।
পুলিশ ও উদ্ধারকর্মীরা নিখোঁজ দুইজনকে উদ্ধারে অভিযান চালিয়ে যাচ্ছেন। ঘটনার পর চবি শিক্ষার্থীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে বলে জানা গেছে।