কক্সবাজার ভ্রমণ: হাসনাত-সারজিসসহ এনসিপির ৫ নেতাকে কারণ দর্শানোর নোটিশ

০ মতামত 43 views

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ পর্যায়ের পাঁচ নেতাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে দলটি। রাজনৈতিক পর্ষদকে না জানিয়ে কক্সবাজারে ভ্রমণে যাওয়ায় তাদের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে সশরীরে উপস্থিত হয়ে এ বিষয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

বুধবার (৬ আগস্ট) এনসিপির যুগ্ম সদস্য সচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত পৃথক চিঠিতে এই নির্দেশ দেওয়া হয়।

নোটিশপ্রাপ্ত পাঁচ নেতা হলেন—দলের মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা এবং যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ।

চিঠিতে বলা হয়েছে, “গতকাল ৫ আগস্ট, জুলাই অভ্যুত্থানের প্রথম বার্ষিকী ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দিবসে, আপনি ও দলের আরও চারজন কেন্দ্রীয় সদস্য ব্যক্তিগত সফরে কক্সবাজারে অবস্থান করেছেন। এ সফর সম্পর্কে ‘রাজনৈতিক পর্ষদ’ পূর্বে কোনো তথ্য জানত না, আপনিও অবগত করেননি।”

নোটিশে আরও বলা হয়েছে, “এই প্রেক্ষাপটে, আপনার সিদ্ধান্তের কারণ ও প্রেক্ষাপট ব্যাখ্যার জন্য আগামী ২৪ ঘণ্টার মধ্যে আহ্বায়ক নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আখতার হোসেনের কাছে সশরীরে উপস্থিত হয়ে লিখিতভাবে জবাব দেওয়ার নির্দেশক্রমে অনুরোধ করা যাচ্ছে।”

Leave a Comment