বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী মন্তব্য করেছেন যে, কিছু রাজনৈতিক দল তাদের দাবিগুলো জোরপূর্বক আদায় করতে চাচ্ছে। তিনি সতর্ক করে বলেন, “নিজেদের দাবি অন্য দলের ওপর চাপানো ঠিক নয়।
শনিবার (৮ নভেম্বর) দুপুরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ট্রেইস কনসাল্টিং লিমিটেড আয়োজিত ‘জনতার ইশতেহার’ শীর্ষক এক সংলাপে তিনি এসব কথা বলেন।
বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, নির্বাচনের আগে ইশতেহার আসাটা খুব গুরুত্বপূর্ণ নয়। ভোটের আগে সব দল তৎপর থাকে। মানুষ ইশতেহার দেখে ভোট দেয়, আমি এ বিষয়টি নিশ্চিত নই।
আমীর খসরু বলেন, দীর্ঘ আলোচনার পর ঐকমত্যের মাধ্যমে সনদ সই হয়েছে। বাস্তবায়নও ঐকমত্যের মাধ্যমে হতে হবে। জনগণের ম্যান্ডেট নিয়ে সংসদে আসলে ঐকমত্যকে সম্মান করতে হবে। এর বাইরে গিয়ে নতুন ইস্যু তৈরি করলে ঐকমত্যকে সম্মান দেওয়া হচ্ছে না।
বিএনপির এ নেতা উল্লেখ করেন, যারা নির্বাচন বিলম্বিত করতে চায় বা বাধা সৃষ্টি করতে চায়, তারা কি এমন ঘটনা ঘটাতে চাইছে? নানা ঘটনা ঘটিয়ে নির্বাচন বিলম্বিত করার চেষ্টা হচ্ছে কি না তা ভেবে দেখতে হবে।