গাজায় সামরিক অভিযান বন্ধে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বানে ইতিবাচক সাড়া দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি জানিয়েছেন, গাজায় অভিযান বন্ধের জন্য ইসরায়েলি বাহিনী প্রস্তুত রয়েছে।
ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধ বন্ধে গত সপ্তাহে ২০ দফা একটি নতুন প্রস্তাব পেশ করেন প্রেসিডেন্ট ট্রাম্প। ইসরায়েল আগেই এই প্রস্তাবে সম্মতি জানিয়েছিল। গতকাল শুক্রবার এতে সম্মতি জানিয়েছে গাজা নিয়ন্ত্রণকারী সংগঠন হামাসও।
শুক্রবার এক বিবৃতিতে হামাসের হাইকমান্ড জানায়, প্রেসিডেন্ট ট্রাম্পের প্রস্তাব মেনে তারা নিজেদের হেফাজতে থাকা সব জিম্মিকে মুক্তি দিতে এবং গাজার প্রশাসনিক দায়িত্ব হস্তান্তর করতে প্রস্তুত।
হামাসের এই বিবৃতির পর প্রেসিডেন্ট ট্রাম্প ‘ট্রুথ সোশ্যাল’-এ একটি বার্তা পোস্ট করে বলেন, “ইসরায়েলকে অবিলম্বে গাজায় বোমাবর্ষণ ও সামরিক অভিযান বন্ধ করতে হবে।”
ট্রাম্পের ওই বার্তার কিছুক্ষণের মধ্যেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দপ্তর থেকে একটি বিবৃতি দেওয়া হয়। সেখানে বলা হয়, “গাজায় যুদ্ধাবসানে প্রেসিডেন্ট ট্রাম্প যে পরিকল্পনা দিয়েছেন, তার প্রাথমিক ধাপ বাস্তবায়নের জন্য ইসরায়েল সম্পূর্ণ প্রস্তুত।”