গাজায় ইসরাইলি হামলায় একদিনেই নিহত ১০০ ফিলিস্তিনি

০ মতামত 104 views

ফিলিস্তিনের গাজা উপত্যকাজুড়ে ইসরাইলের ব্যাপক হামলায় একদিনেই প্রাণ হারিয়েছেন অন্তত ১০০ ফিলিস্তিনি। এর মধ্যে শুধু গাজা সিটি থেকেই নিহত হয়েছেন ৬১ জন।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে জানায়, বুধবার ভোর থেকে ইসরাইলি বাহিনীর চালানো হামলায় এ প্রাণহানি ঘটে। চিকিৎসা সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, গাজার উত্তরাঞ্চলে হামলার তীব্রতা ছিল সবচেয়ে বেশি।

বিশেষ করে গাজা সিটির উত্তরাঞ্চলে ত্রাণ বিতরণের সময় হামলার শিকার হন স্থানীয় বাসিন্দারা। সেখানে ইসরাইলি বিমান হামলায় নিহত হন অন্তত ১২ জন।

এছাড়া, দক্ষিণ গাজার নাসের হাসপাতালের বরাত দিয়ে আল জাজিরা জানায়, রাফাহ’র উত্তরে একটি ত্রাণ বিতরণ কেন্দ্রের কাছে ইসরাইলি সেনাবাহিনীর গুলিতে নিহত হন আরও অন্তত ১৬ জন। গাজার জরুরি ও অ্যাম্বুলেন্স সেবা বিভাগ জানায়, উত্তর গাজায় খাদ্যের জন্য অপেক্ষায় থাকা মানুষের ওপর চালানো হামলায় আরও ১৪ জন নিহত এবং অন্তত ১১৩ জন আহত হয়েছেন।

সব মিলিয়ে শুধুমাত্র খাদ্যের সন্ধানে থাকা অবস্থায় নিহত হয়েছেন অন্তত ৩৭ জন ফিলিস্তিনি।

এখনো বহু হতাহত মাটির নিচে চাপা পড়ে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বোমা হামলায় বহু ঘরবাড়ি ও অবকাঠামো ধ্বংস হয়ে গেছে, কার্যত অচল হয়ে পড়েছে জীবনযাত্রা।

প্রসঙ্গত, চলমান যুদ্ধ পরিস্থিতিতে গাজায় মানবিক বিপর্যয় চরমে পৌঁছেছে। জাতিসংঘসহ আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা অবিলম্বে যুদ্ধবিরতি ও মানবিক সহায়তা প্রবেশের অনুমতির আহ্বান জানিয়ে আসছে।

Leave a Comment