গাজায় ইসরায়েলি হামলায় আরও ৭৩ নিহত

০ মতামত 77 views

খাদ্য সংকটে বাড়ছে মৃত্যুর মিছিল

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলায় গত ২৪ ঘণ্টায় আরও ৭৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। ইসরায়েল-সৃষ্ট দুর্ভিক্ষে শিশুসহ আরও দুইজন মারা গেছেন বলে জানিয়েছে চিকিৎসকরা। আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

নতুন করে নিহতদের মধ্যে ১৯ জন প্রাণ হারিয়েছেন ত্রাণ সংগ্রহের সময়। উত্তর গাজার জিকিম ক্রসিং এলাকায় ত্রাণ নিতে জড়ো হওয়া মানুষের ওপর গুলি চালায় দখলদার ইসরায়েলি বাহিনী। প্রত্যক্ষদর্শী সাইয়্যেদ বলেন, “চারপাশে শুধু গুলি, কিছুই বোঝা যাচ্ছিল না। আমাদের সামনেই মানুষ মরছিল, কিন্তু আমরা কিছুই করতে পারছিলাম না।”

আরেক প্রত্যক্ষদর্শী মোহাম্মদ আবু নাহাল বলেন, “হামলার সময় হামাগুড়ি দিয়ে এগোচ্ছিলাম, চারদিকে গুলির শব্দ। আমি শুধু আমার বাচ্চাদের খাওয়ানোর জন্য এসেছিলাম। খাবার থাকলে কখনোই আসতাম না।”

এদিকে গাজায় চলমান ভয়াবহ মানবিক সংকট নিয়ে উদ্বেগ জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য, ফ্রান্স ও কানাডাসহ ২৬টি দেশ। যৌথ বিবৃতিতে তারা গাজায় ‘অকল্পনীয় মাত্রার’ দুর্ভোগ ও দুর্ভিক্ষ পরিস্থিতি তুলে ধরে তা বন্ধে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, গাজায় ত্রাণ নিতে গিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১,৮৩৮ জনে। যুদ্ধ শুরুর পর দুর্ভিক্ষজনিত কারণে মৃত্যু হয়েছে আরও ২২৭ জনের, যার মধ্যে শিশুর সংখ্যা শতাধিক।

Leave a Comment