ইসরায়েলি হামলায় আহত আরও চার শতাধিক, গাজায় মানবিক বিপর্যয় গভীরতর।
গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় একদিনেই নিহত হয়েছেন অন্তত ৮৯ জন ফিলিস্তিনি, আহত হয়েছেন আরও ৪৬৭ জন। শুক্রবার দিনভর চলা গোলাবর্ষণের পর সন্ধ্যায় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।
২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় অভিযান চালিয়ে আসছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। মন্ত্রণালয়ের সর্বশেষ হিসাবে, এ পর্যন্ত নিহতের মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৯ হাজার ৬৭৬ জনে, আর আহত হয়েছেন ১ লাখ ৪৩ হাজার ৯৬৫ জন।
২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের যোদ্ধারা ইসরায়েলে ঢুকে চালায় অতর্কিত হামলা। হামলায় ১ হাজার ২০০ জন নিহত হন এবং ২৫১ জনকে জিম্মি করে নিয়ে যাওয়া হয়। ওই হামলার পরপরই গাজায় সামরিক অভিযান শুরু করে আইডিএফ।
টানা ১৫ মাসের সামরিক অভিযানের পর আন্তর্জাতিক চাপের মুখে চলতি বছরের ১৯ জানুয়ারি গাজায় যুদ্ধবিরতির ঘোষণা দেয় ইসরায়েল। তবে, যুদ্ধবিরতির দুই মাস পার না হতেই, ১৮ মার্চ থেকে ফের হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী।
দ্বিতীয় দফা অভিযানে এ পর্যন্ত নিহত হয়েছেন ৮ হাজার ৫২৭ জন এবং আহত হয়েছেন প্রায় ৩১ হাজার ৯৩৪ জন ফিলিস্তিনি।
চলমান এই সহিংসতায় গাজার মানবিক পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। পানি, খাদ্য, বিদ্যুৎ ও চিকিৎসাসেবা মারাত্মক সংকটে রয়েছে। অধিকাংশ হাসপাতাল কার্যত অচল হয়ে পড়েছে।
জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও মধ্যস্থতাকারী দেশগুলো টেকসই যুদ্ধবিরতির আহ্বান জানালেও সহিংসতা থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।