রাজধানীর গুলশানে সাবেক এক এমপির বাসায় চাঁদা আদায়ের ঘটনায় জানে আলম অপুর দেওয়া বক্তব্যকে সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
আসিফ মাহমুদ বর্তমানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পাশাপাশি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করছেন।
চাঁদাবাজির অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন,
“অপুর সঙ্গে আমার কোনো ধরনের সম্পৃক্ততা নেই। আমার মনে হয় না কেউ এখনো এরকম কোনো প্রমাণ দিতে পেরেছেন যে, আমি এতে জড়িত। বরং যার (জানে আলম অপু) সাক্ষাৎকার নেওয়া হয়েছে, সেই সাক্ষাৎকার একজন রাজনৈতিক নেতার বাসায় জোরপূর্বক নেওয়া হয়েছে—এমন অভিযোগ উঠেছে, যা অত্যন্ত গুরুতর। এই অভিযোগ পরিবার থেকে এসেছে এবং এখন পর্যন্ত তা যথেষ্ট বিশ্বাসযোগ্য মনে হচ্ছে।”
তিনি আরও বলেন,
“এই ঘটনায় আমার নাম জড়ানো পুরোপুরি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। এরকম অনেক কিছু এর আগেও ঘটেছে, আমরা সেগুলোর জবাব দিয়েছি। এখনো দিচ্ছি, ভবিষ্যতেও হয়তো দিতে হবে।”