গত বছরের ৫ আগস্ট অভ্যুত্থানের সময় রাজধানীর চানখারপুলে ছয়জনকে গুলি করে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলার ৮ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ শুরু হয়েছে।
রোববার (১০ আগস্ট) বিচারপতি মো. গোলাম মোর্তজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ সাক্ষ্যগ্রহণ শুরু হয়।
সকালে মামলায় গ্রেফতার চার আসামি শাহবাগ থানার বরখাস্ত পরিদর্শক আরশাদ, কনস্টেবল সুজন, ইমাজ হোসেন ইমন ও নাসিরুলকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। অপর চার আসামি—সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান হাবিবসহ বাকি তিনজন—এখনও পলাতক।
গত ২১ এপ্রিল মামলায় আটজনকে অভিযুক্ত করে পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করে তদন্ত সংস্থা। পরে ১৪ জুলাই আসামিদের অব্যাহতির আবেদন নাকচ করে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন ট্রাইব্যুনাল।