জম্মু-কাশ্মিরে ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৩১, আহত বহু

০ মতামত 30 views

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু-কাশ্মিরের রিয়াসি জেলার কাটারা শহরে বৈষ্ণো দেবী মন্দিরের কাছে ভয়াবহ ভূমিধসের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১ জনে। ধ্বংসস্তূপের নিচে আরও কয়েকজন চাপা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।

এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৩ জন। তাদের উদ্ধার করে কাটারার কমিউনিটি হেলথ কেয়ার (সিএইচসি) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রিয়াসি জেলা পুলিশের প্রধান পরমবীর সিং বুধবার ভারতীয় বার্তাসংস্থা এএনআইকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ভারী বর্ষণের কারণে মঙ্গলবার দুপুরে মন্দিরের যাত্রাপথে অবস্থিত ইন্দ্রপ্রস্থ ভোজনালয় ও আশপাশের এলাকায় হঠাৎ ভূমিধস নেমে আসে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে তীর্থযাত্রীদের মধ্যে। ধসের পরপরই মন্দির কমিটি ও নিরাপত্তা বাহিনী উদ্ধারকাজ শুরু করে। পরে তাদের সঙ্গে যোগ দেয় জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী (এনডিআরএফ) এবং আধাসামরিক বাহিনী সিআরপিএফের সদস্যরা।

গত তিন দিন ধরে টানা বৃষ্টিতে জম্মু-কাশ্মিরজুড়ে ভূমিধস ও আকস্মিক বন্যার খবর পাওয়া যাচ্ছে। রিয়াসির পুলিশ প্রধান জানান, দুর্যোগকবলিত বহু এলাকায় সড়ক যোগাযোগ ও মোবাইল নেটওয়ার্ক ভেঙে পড়েছে। এসব জায়গায় উদ্ধারকারী দল পাঠানো হয়েছে। ইতিমধ্যেই ঝুঁকিপূর্ণ এলাকা থেকে সাড়ে তিন হাজারেরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

Leave a Comment