জয়পুরহাটের আক্কেলপুরে লাইনচ্যুত হওয়া কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের বগি উদ্ধার ও মেরামতের পর উত্তরবঙ্গের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে ট্রেন চলাচল পুনরায় শুরু হয়।
এর আগে রোববার রাত সাড়ে ৩টার দিকে উপজেলার ভদ্রকালী চক্রঘুনাথ এলাকায় কুড়িগ্রাম এক্সপ্রেসের একটি বগি লাইনচ্যুত হয়। হলহলিয়া রেল ব্রিজের পূর্ব পাশে রেললাইন ভাঙা থাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে বগিটি প্রায় এক কিলোমিটার দূর পর্যন্ত টেনে নিয়ে যায় ট্রেনটি। ফলে উত্তর ও দক্ষিণাঞ্চলের সঙ্গে ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়।
খবর পেয়ে পার্বতীপুর থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে লাইনচ্যুত বগি অপসারণ ও মেরামত করে। প্রায় ছয় ঘণ্টার চেষ্টার পর সোমবার সকাল সাড়ে ৯টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
আক্কেলপুর স্টেশন মাস্টার হাসিবুল হাসান জানান, রাত ৩টা ১২ মিনিটে সান্তাহার থেকে ছাড়ার পর ট্রেনটি ভদ্রকালী এলাকায় লাইনচ্যুত হয়। পরে রিলিফ ট্রেন এসে বগিটি উদ্ধার করে আক্কেলপুর স্টেশনে নিয়ে আসে।
সান্তাহার রেলস্টেশন মাস্টার খাদিজা খাতুন বলেন, দ্রুত উদ্ধার কার্যক্রম পরিচালনা করায় স্বল্প সময়ের মধ্যে রেল যোগাযোগ ফের সচল করা সম্ভব হয়েছে।