জাকসু নির্বাচনে ভোটগ্রহণ শুরু: উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছেন শিক্ষার্থীরা

০ মতামত 36 views

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: দীর্ঘ ৩৩ বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত চলবে টানা ভোটগ্রহণ। ইতোমধ্যে উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থীরা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছেন।

এবারের নির্বাচনে অংশ নিচ্ছে ছাত্রদল, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস), ইসলামী ছাত্রশিবির, বামপন্থী ছাত্র সংগঠন ও স্বতন্ত্রসহ মোট ৮টি প্যানেল। ১১ হাজার ৮৯৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।

জাকসু নির্বাচন কমিশনের তথ্যমতে, কেন্দ্রীয় ও হল সংসদ মিলিয়ে প্রায় ৫৪৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে ১০২ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন, ফলে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা কিছুটা কমেছে।

নির্বাচনকে ঘিরে বিশ্ববিদ্যালয় প্রশাসন ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। ২১টি আবাসিক হলে মোট ২২৪টি বুথ স্থাপন করা হয়েছে। এর মধ্যে ছাত্রদের জন্য ১১টি ও ছাত্রীদের জন্য ১০টি হলে ভোটকেন্দ্র রাখা হয়েছে।

নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ২১ জন রিটার্নিং কর্মকর্তা, ৬৭ জন পোলিং অফিসার এবং ৬৭ জন সহকারী পোলিং অফিসার দায়িত্ব পালন করছেন। তাদের সহযোগিতায় রয়েছেন বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা।

নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়, নির্বাচন সুষ্ঠু রাখতে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। প্রতিটি কেন্দ্র থাকবে সিসি ক্যামেরার আওতায়, এছাড়া নিরাপত্তা নিশ্চিত করতে মোতায়েন রয়েছে ১,২০০ পুলিশ সদস্য।

Leave a Comment