জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ ১৫ সেপ্টেম্বর পর্যন্ত বৃদ্ধি

০ মতামত 65 views

জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ আরও এক মাস বাড়ানো হয়েছে। কমিশনকে চূড়ান্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়েছে সরকার। সোমবার (১১ আগস্ট) রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

এর আগে, গত ১২ ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে সাত সদস্যবিশিষ্ট জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয়। গঠনের সময় কমিশনকে ছয় মাসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশনা দেওয়া হয়েছিল, যার মেয়াদ ১৫ আগস্ট শেষ হচ্ছে।

কমিশনটি দেশের নির্বাচন ও প্রশাসনিক ব্যবস্থায় সংস্কার আনার লক্ষ্যে গঠিত ছয়টি সংস্কার কমিশনের সুপারিশ পর্যালোচনা ও গ্রহণের দায়িত্বে রয়েছে। গত ১৫ ফেব্রুয়ারি থেকে তারা আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করে।

কমিশনের মূল কার্যক্রমের মধ্যে রয়েছে—নির্বাচন ব্যবস্থা, পুলিশ প্রশাসন, জনপ্রশাসন, বিচার বিভাগ এবং দুর্নীতি দমন বিষয়ক সংস্কার কমিশনগুলোর সুপারিশ পর্যালোচনা ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের সুপারিশ প্রণয়ন। এ লক্ষ্যে রাজনৈতিক দল ও বিভিন্ন সামাজিক-রাজনৈতিক শক্তির সঙ্গে আলোচনা করে জাতীয় ঐকমত্য গঠনের চেষ্টা চালানো হচ্ছে।

কমিশনের সচিবালয়ের দায়িত্ব পালন করছে প্রধান উপদেষ্টার কার্যালয়।

Leave a Comment