বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের হার্টের বাইপাস সার্জারি চলছে। শনিবার (২ আগস্ট) সকাল সাড়ে ৮টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে অস্ত্রোপচার শুরু হয়।
অপারেশন পরিচালনা করছেন হৃদরোগ বিশেষজ্ঞ ডা. জাহাঙ্গীর কবির। বিষয়টি নিশ্চিত করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
তিনি বলেন, “সাড়ে ৮টায় অপারেশন শুরু হয়েছে, আলহামদুলিল্লাহ। অপারেশন এখনও চলছে। এই মুহূর্তে ভেতরের অবস্থা জানা সম্ভব নয়। চিকিৎসকরা জানিয়েছেন অন্তত ৫ ঘণ্টা সময় লাগবে।”
এর আগে শুক্রবার (১ আগস্ট) বিকেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অধ্যাপক পরওয়ার বলেন, “প্রিয় রাহবারের সুস্থতা কামনায় আমরা যেন নফল ইবাদতের মাধ্যমে আল্লাহর দরবারে একান্তভাবে দোয়া করি—সালাত, সিয়াম ও সাদাকাহর মাধ্যমে।”
তিনি আরও বলেন, “আল্লাহ তায়ালা যেন আমাদের রাহবারকে দ্রুত আরোগ্য দান করেন এবং পূর্ণ সক্ষমতা নিয়ে দ্বীনের ময়দানে ফিরে আসার তাওফিক দেন—এই দোয়াই করছি।”