জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শুভেচ্ছা বার্তা

০ মতামত 82 views

জুলাই অভ্যুত্থানের ঐতিহাসিক বিজয়ের প্রথম বর্ষপূর্তিতে অভ্যুত্থানপন্থি ছাত্র ও জনগণকে অভিনন্দন ও রক্তিম শুভেচ্ছা জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

মঙ্গলবার (৫ আগস্ট) সকালে সংগঠনটির দপ্তর সম্পাদক শাহাদাত হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ শুভেচ্ছা জানানো হয়।

শুভেচ্ছা বার্তায় বলা হয়, “জুলাই ছাত্র-জনতার অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি বাংলাদেশের ইতিহাসে এক অবিস্মরণীয় দিন। গত বছরের এই দিনে সহস্রাধিক শহীদ ও আহতদের রক্তের বিনিময়ে ফ্যাসিস্ট ও খুনি হাসিনার পলায়নের মধ্য দিয়ে প্রায় দেড় দশকের দুঃশাসন ও ফ্যাসিবাদের অবসান ঘটে।”

বিবৃতিতে আরও বলা হয়, “আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি সেই সাহসী ছাত্র-তরুণ, শ্রমিক, শিক্ষক, শিল্পী ও পেশাজীবীদের, যাদের আত্মত্যাগে এসেছে নতুন বাংলাদেশ। একই সঙ্গে অকুণ্ঠ কৃতজ্ঞতা জানাই সেই আহতদের, যারা মাতৃভূমির মুক্তির লড়াইয়ে চিরতরে হারিয়েছেন দৃষ্টিশক্তি কিংবা বরণ করেছেন পঙ্গুত্ব।”

সংগঠনটি এই দিনটিকে ‘মহান বিজয়ের প্রতীক’ হিসেবে উল্লেখ করে ভবিষ্যতেও বৈষম্য ও দমননীতির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার প্রত্যয় পুনর্ব্যক্ত করেছে।

Leave a Comment