‘জুলাই সনদ’-এর খসড়া প্রস্তুত, ৩১ জুলাইয়ের মধ্যে সংলাপ শেষের পরিকল্পনা

০ মতামত 41 views

জাতীয় ঐকমত্য কমিশন ‘জুলাই সনদ’ শীর্ষক একটি খসড়া তৈরি করেছে। আগামী ৩১ জুলাইয়ের মধ্যে এই সনদ চূড়ান্ত করে সংলাপ কার্যক্রম শেষ করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ।

রোববার (২৭ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে অনুষ্ঠিত সংলাপের দ্বিতীয় পর্যায়ের ১৯তম দিনের বৈঠকে সূচনা বক্তব্যে তিনি এ তথ্য জানান।

‘জুলাই সনদ’-এর একটি খসড়া তৈরি হয়েছে, যা আগামী সোমবার (২৮ জুলাই) রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হবে। এতে জাতীয় সনদের প্রাথমিক পটভূমি উপস্থাপন থাকবে। সব রাজনৈতিক দলের মতামত ও যাচাই-বাছাইয়ের ভিত্তিতে খসড়াটি চূড়ান্ত করা হবে। – অধ্যাপক রীয়াজ

তিনি জানান, আজকের সংলাপ রাত ১০টা পর্যন্ত চলবে। বৈঠকে আলোচনার বিষয় ছিল—রাষ্ট্র পরিচালনার মূলনীতি, মৌলিক অধিকার প্রসারণের প্রস্তাব এবং একটি পুলিশ কমিশন গঠনের পরিকল্পনা।

কমিশনের আলোচ্য ২০টি বিষয়ের মধ্যে ইতোমধ্যে ১০টি বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে বলেও জানান আলী রীয়াজ। তবে কিছু বিষয়ে ভিন্নমত বা ‘নোট অব ডিসেন্ট’ রয়েছে, যেগুলো বিরোধী মত হিসেবে সংরক্ষিত হয়েছে। সাতটি বিষয়ে এখনো মতৈক্য হয়নি এবং বাকি তিনটি নিয়ে আলোচনা চলমান রয়েছে। অসমাপ্ত বিষয়গুলো নিয়ে আরও আলোচনা হবে।

আজকের সংলাপে ৩০টি রাজনৈতিক দলের প্রতিনিধি অংশগ্রহণ করেন। তাদের মধ্যে বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি, এলডিপি, গণঅধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বিপ্লবী ওয়ার্কার্স পার্টি এবং আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) উল্লেখযোগ্য।

Leave a Comment