ঢাকা: জুলাই সনদ বাস্তবায়নে সরকারের পদক্ষেপ তিন থেকে চার দিনের মধ্যে জানা যাবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল। তিনি বলেন, সরকার সব দলের প্রত্যাশা পূরণের চেষ্টা করছে।
আজ (১১ নভেম্বর) বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে আয়োজিত এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা জানান তিনি।
আসিফ নজরুল বলেন, রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে আলোচনা করে আমাদের একটি ঐক্যবদ্ধ নির্দেশনা দেবে—এ ধরনের প্রত্যাশা আমাদের ছিল। তবে আমরা শুধু প্রত্যাশা করে বসে থাকিনি, নিজেদের মতো কাজ করেছি। সনদ বাস্তবায়নের বিষয়ে কী পদক্ষেপ গ্রহণ করেছি, তা আগামী তিন-চার দিনের মধ্যেই পরিষ্কারভাবে জানতে পারবেন।
তিনি আরও বলেন, আমরা উপদেষ্টা পরিষদের বিভিন্ন পর্যায়ে বিষয়টি আলোচনা করছি। সব দলের প্রত্যাশার সঙ্গে সমন্বয় ঘটিয়ে দেশের ও জনগণের স্বার্থে যা করা দরকার, সেটাই আমরা করতে যাচ্ছি।
19