আন্তর্জাতিক ডেস্ক: সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের আরোপিত অধিকাংশ শুল্ককে অবৈধ ঘোষণা করেছে যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আপিল আদালত। শুক্রবার দেওয়া এক ঐতিহাসিক রায়ে আদালত জানায়, ট্রাম্প প্রশাসন ইন্টারন্যাশনাল ইমার্জেন্সি ইকোনমিক পাওয়ার্স অ্যাক্ট (আইইপিএ) আইনের অপব্যবহার করেছে।
রায়ে বলা হয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্প যে অতিরিক্ত শুল্ক আরোপ করেছিলেন, তার অনেকগুলোই যুক্তরাষ্ট্রের প্রচলিত আইন লঙ্ঘন করেছে। আদালত সেই শুল্ক প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন। তবে রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিলের সুযোগ রয়েছে।
ফেডারেল আপিল আদালতের ১১ সদস্যের বেঞ্চে ৭ জন বিচারক ট্রাম্পের শুল্কনীতিকে অবৈধ হিসেবে রায় দেন। বাকি ৪ জন এতে ভিন্নমত পোষণ করেন।
শুল্ক আরোপে প্রেসিডেন্টের ক্ষমতা সীমিত: আদালত
১২৭ পৃষ্ঠার রায়ে আদালত স্পষ্টভাবে উল্লেখ করেছেন, “যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী শুল্ক সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণের এক্তিয়ার কংগ্রেসের হাতে। প্রেসিডেন্টের ক্ষমতা এখানে সীমিত এবং আইইপিএ আইনের অধীনে কেবল নির্দিষ্ট পরিস্থিতিতেই শুল্ক আরোপের অনুমতি রয়েছে।”
রায়ে আরও বলা হয়, ট্রাম্প প্রশাসন যে অতিরিক্ত শুল্ক আরোপ করেছিল, সেগুলোর অধিকাংশই এই আইন অনুযায়ী বৈধতা পায় না।
রায় কার্যকর হবে ১৪ অক্টোবর থেকে
আদালত জানায়, আগামী ১৪ অক্টোবর ২০২৫ থেকে রায় কার্যকর হবে। এর মধ্যে ট্রাম্প বা যুক্তরাষ্ট্র সরকার চাইলে সুপ্রিম কোর্টে আপিল করতে পারবে।