নতুন দেশ ডেস্ক: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়সহ (বুয়েট) একাধিক বেসরকারি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তিন দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন।
বুধবার (২৭ আগস্ট) সকাল ১১টার দিকে পূর্বঘোষিত ‘লংমার্চ টু ঢাকা’ কর্মসূচির অংশ হিসেবে তারা শাহবাগের মূল সড়কে অবস্থান নেন। এতে শাহবাগ ও আশপাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
শিক্ষার্থীদের তিন দফা দাবি হলো—
১. নবম গ্রেড (সহকারী প্রকৌশলী বা সমমান) পদে প্রবেশের জন্য সবার জন্য লিখিত পরীক্ষা বাধ্যতামূলক করা এবং ন্যূনতম যোগ্যতা বিএসসি ডিগ্রি নির্ধারণ করা। কোটার মাধ্যমে কোনো পদোন্নতি নয় এবং সমমান নতুন কোনো পদ তৈরি করেও পদোন্নতি দেওয়া যাবে না।
২. দশম গ্রেড (উপসহকারী প্রকৌশলী বা সমমান) পদে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিংয়ের জন্য থাকা ১০০% কোটা বাতিল করা। ওই পদে ন্যূনতম যোগ্যতা ডিপ্লোমা নির্ধারণের পাশাপাশি বিএসসি ও এমএসসি ডিগ্রিধারীদেরও আবেদন করার সুযোগ দিতে হবে।
৩. বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি ছাড়া কেউ নামের আগে বা পরে ‘ইঞ্জিনিয়ার’ উপাধি ব্যবহার করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।
এর আগে মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেল তিনটার দিকে বুয়েট শিক্ষার্থীরা শাহবাগে জড়ো হন। পরে বেসরকারি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কয়েকশ শিক্ষার্থী তাদের সঙ্গে যোগ দেন। টানা সাড়ে চার ঘণ্টা অবরোধের পর তারা রাত ৮টার দিকে সরে যান।
একই দিনে পৃথক কর্মসূচিতে বনানীতে পোশাকশ্রমিক এবং গাবতলীর টেকনিক্যাল মোড়ে এক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করলে রাজধানীর তিন জায়গায় একই সময়ে যান চলাচল ব্যাহত হয়। এর ফলে নগরীর বিভিন্ন এলাকায় তীব্র যানজট দেখা দেয় এবং চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।