তিন দাবিতে শহীদ মিনারে প্রাথমিক শিক্ষকদের মহাসমাবেশ

০ মতামত 32 views

সহকারী শিক্ষকদের ১১তম গ্রেডে বেতনসহ তিন দফা দাবিতে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মহাসমাবেশ শুরু হয়েছে।

শনিবার (৩০ আগস্ট) সকাল ১০টায় জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে এই মহাসমাবেশের আনুষ্ঠানিক সূচনা হয়। এতে সারাদেশ থেকে আসা কয়েক হাজার শিক্ষক অংশ নেন।

শিক্ষকদের তিনটি প্রধান দাবি হলো:

  • প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগপ্রাপ্তদের ১১তম গ্রেডে বেতন-ভাতা প্রদান,
  • শতভাগ শিক্ষককে পদোন্নতির আওতায় আনা এবং
  • চাকরির ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রাপ্তির জটিলতা নিরসন।

মহাসমাবেশটির আয়োজন করেছে প্রাথমিক শিক্ষকদের ছয়টি সংগঠনের সমন্বয়ে গঠিত ‘সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ’। সমাবেশে বিএনপি, জামায়াত, এনসিপি, গণসংহতি আন্দোলন, গণঅধিকার পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের উপস্থিত থাকার কথা রয়েছে।

ঐক্য পরিষদের অন্যতম নেতা ও বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ শামছুদ্দীন মাসুদ বলেন,

“আজকের মধ্যে সরকার যদি দাবি পূরণের ব্যাপারে কোনো স্পষ্ট প্রতিশ্রুতি না দেয়, তাহলে আমরা এখান থেকেই কঠোর কর্মসূচি ঘোষণা করবো।”

Leave a Comment