দীর্ঘ আড়াই বছর পর পর্যটকদের জন্য উন্মুক্ত করা হয়েছে দেশের দ্বিতীয় সর্বোচ্চ পর্বত কেওক্রাডং। এতে তিন বছরের মধ্যে সর্বোচ্চ পর্যটকের সমাগম দেখা গেছে বান্দরবানের রুমা উপজেলায় অবস্থিত এই জনপ্রিয় পর্যটনকেন্দ্রে।
বৃহস্পতিবার (২ অক্টোবর) স্থানীয় পর্যটন ব্যবসায়ী ও গাইডদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।
স্থানীয়রা জানান, নিরাপত্তাজনিত কারণে গত আড়াই বছর ধরে কেওক্রাডং ভ্রমণে নিষেধাজ্ঞা ছিল। তবে ১ অক্টোবর থেকে পর্বতটি পর্যটকদের জন্য পুনরায় উন্মুক্ত করে দেওয়া হলে বিপুল সংখ্যক অ্যাডভেঞ্চারপ্রেমী সেখানে ভিড় করেন।
রুমা টুরিস্ট গাইড অ্যাসোসিয়েশনের লাইনম্যান লাল রৌকল বম জানান, বুধবার ৬৩০ জন এবং বৃহস্পতিবার দুপুর পর্যন্ত আরও ৫০০ জনের বেশি পর্যটক কেওক্রাডং ভ্রমণে গিয়েছেন। তিনি বলেন, “দিনের বাকি সময়েও পর্যটকের সংখ্যা আরও বাড়তে পারে।”
রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী বলেন, “কেওক্রাডং পর্বতকে আরও আকর্ষণীয় করতে এলাকায় বিশ্রামাগার, শৌচাগারসহ বিভিন্ন সুবিধা সংযোজনের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি পরিবেশ রক্ষায় প্লাস্টিক বোতল ব্যবহার সীমিত করা এবং বগালেকের পরবর্তী অংশে পলিথিন নিষিদ্ধ করতে ছুটি-পরবর্তী সময়ে একটি বিজ্ঞপ্তি জারি করা হবে।”