তিস্তা নদীর পানি বৃদ্ধি, নিম্নাঞ্চল প্লাবিত

০ মতামত 41 views

উজানের পাহাড়ি ঢল ও টানা ভারী বর্ষণের কারণে তিস্তা নদীর পানি বিপদসীমা অতিক্রম করেছে। বুধবার (১৩ আগস্ট) সকালে ডিমলার ডালিয়া পয়েন্টে নদীর পানি বিপদসীমার ৫ সেন্টিমিটার ওপরে প্রবাহিত হচ্ছে।

পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ডালিয়া ডিভিশনের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানায়, সকাল ৬টায় পানি বিপদসীমার ৭ সেন্টিমিটার ওপরে ছিল, যা সকাল ৯টায় কমে ৫ সেন্টিমিটার ওপরে নামে। ডালিয়া পয়েন্টে দায়িত্বপ্রাপ্ত গেজ পাঠক নুরুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, টানা বৃষ্টিপাতের ফলে মঙ্গলবার রাত থেকে তিস্তার পানি বাড়তে শুরু করে। বুধবার সকাল পর্যন্ত পানি বৃদ্ধির ধারা অব্যাহত থাকে।

ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাফিজুর রহমান জানান, সারারাতের বৃষ্টিপাতের পর বুধবার সকাল থেকে পানি বাড়ছে। এতে চরাঞ্চলসহ নিচু এলাকাগুলো প্লাবিত হয়েছে। স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

এদিকে, পানি বাড়ার ফলে নদীতীরবর্তী এলাকাগুলোতে ক্ষয়ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। পরিস্থিতির উন্নতি না হলে জরুরি পদক্ষেপ নেওয়া হবে বলে জানানো হয়েছে।

Leave a Comment