তুরস্কের পশ্চিমাঞ্চলীয় ইজমির প্রদেশে ভয়াবহ দাবানলের কারণে ঘরবাড়ি ও শিল্প এলাকা চরম ঝুঁকির মুখে পড়েছে। স্থানীয় সংবাদমাধ্যম এবং এএফপিকে দেওয়া এক প্রত্যক্ষদর্শীর তথ্য মতে, দাবানল এতটাই ভয়াবহ আকার ধারণ করেছে যে বাসিন্দারা নিজেরাই ঘরবাড়ি রক্ষায় গাছ কেটে আগুনের গতি থামানোর চেষ্টা করছেন।
আঙ্কারা থেকে এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, ইজমির প্রদেশের গভর্নর সুলেমান এলবান জানিয়েছেন, সেফেরিহিসার ও মেন্দেরেস জেলার মধ্যবর্তী অঞ্চলে স্থানীয় সময় দুপুর ১টার দিকে দাবানলের সূত্রপাত ঘটে। ঘণ্টায় ১১৭ কিলোমিটার বেগে প্রবল বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায়।
তিনি আরো বলেন, তীব্র বাতাসের কারণে হেলিকপ্টার দিয়ে আগুন নেভানোর কার্যক্রম স্থগিত করা হয়েছে। বর্তমানে দাবানল মোকাবেলায় ওয়াটার বোম্বিং এয়ারক্র্যাফট এবং বড় পরিসরের একটি স্থল দমকল বাহিনী নিরলস কাজ করে যাচ্ছে।
গভর্নর এলবান জানান, আগুন আবাসিক এলাকার দিকে ছড়িয়ে পড়ার আশঙ্কায় সেফেরিহিসার জেলার অন্তত পাঁচটি এলাকা খালি করে দেওয়া হয়েছে। আগুনের ভয়াবহতা ঠেকাতে স্থানীয়রা গাছ কেটে আগুনের পথ রুদ্ধ করার চেষ্টা করছেন বলে জানান উর্কমেজ গ্রামের এক প্রত্যক্ষদর্শী।
সূত্র : এএফপি