যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একাধিক রাজনৈতিক নেতার ওপর হামলা ও হেনস্তার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে গণঅধিকার পরিষদ। দলটির দাবি, এই ঘটনা শুধু রাজনৈতিক সহনশীলতার পরিপন্থী নয়, বরং এটি গণতন্ত্র ও মানবাধিকারের ওপর সরাসরি আঘাত।
মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে গণঅধিকার পরিষদ জানায়,
“নিউইয়র্কে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন এবং যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারার ওপর আওয়ামী লীগের সন্ত্রাসী নেতাকর্মীরা হেনস্তা ও হামলার চেষ্টা চালিয়েছে।”
বিবৃতিতে আরও বলা হয়, “এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা শুধু গণতান্ত্রিক মূল্যবোধে আঘাত নয়, বরং ফ্যাসিবাদবিরোধী শক্তিগুলোর জন্য একটি গুরুতর সতর্কবার্তা। দেশের ভেতরে গণহত্যা চালিয়ে যারা বিদেশে আশ্রয় নিয়েছে, তাদেরকে আন্তর্জাতিক বিচার প্রক্রিয়ার আওতায় আনা জরুরি।”
গণঅধিকার পরিষদ মনে করে, এমন ঘটনা দেশের ভাবমূর্তি আন্তর্জাতিক পরিমণ্ডলে ক্ষুণ্ণ করছে এবং প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে অস্থিরতা সৃষ্টি করছে।