নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা হবে

০ মতামত 74 views

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসেই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। একইসঙ্গে তিনি ঘোষণা দিয়েছেন, এবারের নির্বাচনে প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করা হবে।

মঙ্গলবার (৫ আগস্ট) সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে এ কথা বলেন তিনি।

ড. ইউনূস বলেন, “২০২৬ সালের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনের লক্ষ্যে নির্বাচন কমিশনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে অন্তর্বর্তী সরকার। আমরা চাই রমজানের আগেই এই নির্বাচন সম্পন্ন হোক। এজন্য নির্বাচন কমিশনকে আনুষ্ঠানিকভাবে চিঠি দেওয়া হবে, যাতে প্রয়োজনীয় প্রস্তুতি দ্রুত গ্রহণ করা যায়।”

তিনি আরও বলেন, “বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা আমাদের অর্থনীতির মূল চালিকাশক্তি। তাদের ভোটাধিকার বহুদিন ধরে উপেক্ষিত ছিল। এবারের নির্বাচনে তাদের ভোটাধিকার নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে।”

প্রধান উপদেষ্টা তাঁর ভাষণে একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের প্রতিশ্রুতি দেন এবং সব রাজনৈতিক দলকে ইতিবাচক মনোভাব নিয়ে নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানান।

Leave a Comment