নির্বাচন কর্মকর্তা দলীয় আচরণ করলে কঠোর ব্যবস্থা: সিইসি

০ মতামত 25 views

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কোনো কর্মকর্তা দলীয় আচরণ করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। নির্বাচনকে নিরপেক্ষ ও গ্রহণযোগ্য রাখতে কমিশন সর্বোচ্চ সতর্ক থাকবে।

মঙ্গলবার (৭ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মেলন কক্ষে নির্বাচন বিশেষজ্ঞদের সঙ্গে এক মতবিনিময় সভার সমাপনী বক্তব্যে তিনি এ কথা বলেন।

সিইসি বলেন, “কোনো কর্মকর্তা দলীয় বা পক্ষপাতদুষ্ট আচরণ করতে পারবেন না। কেউ যদি নিজের মনে রাজনৈতিক অভিলাষও রাখেন, তাও যেন তার কর্মকাণ্ডে প্রতিফলিত না হয়—সেটি আমরা নিশ্চিত করব। প্রয়োজনে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি আরও বলেন, “আগে একটা সংস্কৃতি ছিল যেখানে কর্মকর্তাদের ওপর চাপ থাকত একটি নির্দিষ্ট রাজনৈতিক পক্ষে কাজ করার জন্য। তখন বার্তা দেওয়া হতো—‘আমার পক্ষে না কাজ করলে ব্যবস্থা নেব।’ কিন্তু এখন বার্তাটা একেবারেই উল্টো—‘যদি কোনো পক্ষের হয়ে কাজ করো, তাহলে তোমার বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে।’ আমরা এই বার্তা একাধিকবার দিয়েছি এবং ভবিষ্যতেও দিয়ে যাব।”

সিইসি নাসির উদ্দিন বলেন, “নির্বাচন কমিশনের মূল দায়িত্ব হলো—নিরপেক্ষভাবে একটি গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন করা। আমরা সেই দায়িত্ব পালনে কোনো আপস করব না।”

Leave a Comment