আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণার পরও যদি তারা কোনো অপকর্মে লিপ্ত হয়, তবে কাউকেই ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী।
শনিবার (২ আগস্ট) রাজধানীর মোহাম্মদপুর থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। তাই তারা কোনো ধরনের অপকর্ম করলে ছাড় দেওয়া হবে না।”
৫ আগস্ট সামনে রেখে দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে উপদেষ্টা বলেন, “আল্লাহ চাইলে কোনো শঙ্কা নেই। আপনারা (সাংবাদিকরা) যেভাবে সাহায্য করছেন, তাতে কোনো দুশ্চিন্তার কিছু নেই।”
এক প্রশ্নের উত্তরে তিনি আরও বলেন, “আওয়ামী লীগ গুপ্তভাবে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আমরা এমনকি দেখেছি, তাদের সঙ্গে সেনাবাহিনীর একজন কর্মকর্তাও জড়িত। যে বাহিনীর সদস্যই হোক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না। সবাইকে আইনের আওতায় আনা হবে।”
উল্লেখ্য, গত বছরের রাজনৈতিক পরিবর্তনের পর আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করে অন্তর্বর্তী সরকার। এরপর থেকেই দলটির বিভিন্ন পর্যায়ে বিচ্ছিন্নভাবে রাজনৈতিক তৎপরতার অভিযোগ উঠছে।