পবিত্র আশুরা ঘিরে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে: ডিএমপি

০ মতামত 78 views

পবিত্র আশুরা উপলক্ষে ঢাকায় শিয়া সম্প্রদায়ের তাজিয়া মিছিল ও অন্যান্য কর্মসূচির নিরাপত্তা নিশ্চিতে সুসংহত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে পুরান ঢাকার হোসেনি দালান ইমামবাড়ায় নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব তথ্য জানান ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার ও অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. সরওয়ার।

তিনি বলেন, “আগামী ৬ জুলাই (১০ মহররম) পবিত্র আশুরা। ২৭ জুন থেকে ৬ জুলাই পর্যন্ত শিয়া সম্প্রদায়ের পাশাপাশি অনেক সুন্নি মুসলমানও নানা কর্মসূচির মাধ্যমে শোক পালন করে থাকেন। এ উপলক্ষে হোসেনি দালান, বড় কাটরা, মোহাম্মদপুর বিহারী ক্যাম্প, শিয়া মসজিদ, বিবিকা রওজা, মিরপুর পল্লবী বিহারী ক্যাম্পসহ অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে পর্যাপ্ত পুলিশি নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।”

তিনি আরও জানান, “গুরুত্বপূর্ণ ইমামবাড়া ও আশুরা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানস্থলগুলো সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে। সেই সঙ্গে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ঢাকা মহানগর পুলিশের বিশেষায়িত ইউনিটসমূহ সর্বদা প্রস্তুত থাকবে।”

ডিএমপির এই কর্মকর্তা বলেন, “আমরা চাই আশুরার ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে শান্তিপূর্ণ পরিবেশে সব কর্মসূচি সম্পন্ন হোক। আইন-শৃঙ্খলা রক্ষায় কোনো ছাড় দেওয়া হবে না।”

Leave a Comment