পাকিস্তানের বিপক্ষে খেলতে অস্বীকৃতি, টুর্নামেন্ট থেকেই নাম প্রত্যাহার ভারতের

০ মতামত 62 views

‘ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডস’ (ডব্লিউসিএল) ক্রিকেট টুর্নামেন্ট থেকে আনুষ্ঠানিকভাবে নাম প্রত্যাহার করে নিয়েছে ভারত। পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনাল ম্যাচ না খেলার সিদ্ধান্তের পর পুরো টুর্নামেন্ট থেকেই সরে দাঁড়িয়েছে যুবরাজ সিং, শিখর ধাওয়ানদের নেতৃত্বাধীন ইন্ডিয়া চ্যাম্পিয়ন্স দল।

ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি) বরাবর পাঠানো এক চিঠিতে ভারতীয় দল তাদের সিদ্ধান্ত জানায়। বৃহস্পতিবার এজবাস্টনে সেমিফাইনালে শহিদ আফ্রিদির নেতৃত্বাধীন পাকিস্তানের মুখোমুখি হওয়ার কথা ছিল ভারতের। তবে কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার প্রতিবাদে পাকিস্তানের বিপক্ষে খেলতে অস্বীকৃতি জানান ভারতের একাধিক ক্রিকেটার।

এর আগে গ্রুপ পর্বেও ভারত-পাকিস্তান ম্যাচ বাতিল হয়ে গিয়েছিল একই কারণে। সেমিফাইনালের আগ মুহূর্তে ভারতের একটি স্পনসর প্রতিষ্ঠানও নিজেদের প্রত্যাহার করে নেয়। এরপর ধাওয়ান, সুরেশ রায়না, ইরফান পাঠান, ইউসুফ পাঠানসহ অনেকেই খেলতে রাজি হননি। দলের বৈঠকে সর্বসম্মতভাবে টুর্নামেন্ট থেকে পুরোপুরি সরে দাঁড়ানোর সিদ্ধান্ত হয়।

ভারত সরে দাঁড়ানোয় সরাসরি ফাইনালে উঠে গেছে পাকিস্তান। এ বিষয়ে আয়োজকদের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি।

গ্রুপ পর্বে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে ভারত চতুর্থ স্থানে থেকে সেমিফাইনালে ওঠে। তাদের একটি জয়, তিনটি হার ও একটি ম্যাচ ছিল বাতিল। অপরদিকে, চার জয়ে এবং একটি ম্যাচ বাতিল হয়ে গ্রুপে শীর্ষে থেকে সেমিফাইনালে উঠেছিল পাকিস্তান।

ডব্লিউসিএলের নিয়ম অনুযায়ী, গ্রুপ চ্যাম্পিয়ন ও চতুর্থ স্থানে থাকা দল সেমিফাইনালে মুখোমুখি হওয়ার কথা ছিল। সেই অনুযায়ী এজবাস্টনে ম্যাচ আয়োজনের প্রস্তুতিও সম্পন্ন হয়েছিল। কিন্তু শেষ মুহূর্তে ভারতীয় ক্রিকেটারদের সরে দাঁড়ানোয় টুর্নামেন্টের ফাইনালের পথ খুলে যায় পাকিস্তানের জন্য।

Leave a Comment