পাকিস্তানের বিপক্ষে ম্যাচ নিয়ে অবস্থান পাল্টালেন গাঙ্গুলি

০ মতামত 77 views

পাকিস্তানের বিপক্ষে ম্যাচ না খেলার পক্ষে কঠোর অবস্থান নেওয়ার মাত্র কয়েক মাসের ব্যবধানে নিজের মত বদলালেন ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। গেল এপ্রিল কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলার পর পাকিস্তানের বিপক্ষে সব ধরনের ক্রিকেট ম্যাচ বয়কটের দাবি তুলেছিলেন তিনি। তখন বলেছিলেন, আইসিসি টুর্নামেন্টেও পাকিস্তানের বিপক্ষে না খেলাই উচিত ভারতের।

তবে আসন্ন এশিয়া কাপকে সামনে রেখে সেই অবস্থান থেকে সরে এসেছেন ‘দাদা’। গাঙ্গুলি জানিয়েছেন, পাকিস্তানের বিপক্ষে খেলার বিষয়ে তার আর কোনো আপত্তি নেই।

সম্প্রতি এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) এশিয়া কাপ ২০২৫-এর সূচি ঘোষণা করেছে। টুর্নামেন্ট শুরু হবে ৯ সেপ্টেম্বর থেকে, আর ১৪ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে মাঠে গড়াবে ভারত-পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচ।

এ নিয়ে ভারতের সংবাদ সংস্থা এএনআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে গাঙ্গুলি বলেন,

“আমি সূচি নিয়ে ঠিক আছি। খেলা চলতেই হবে। পহেলগামে যা ঘটেছে, তা কখনোই হওয়া উচিত নয়। তবে সেই ঘটনার জন্য খেলাধুলা বন্ধ করা যায় না। সন্ত্রাসবাদ অবশ্যই বন্ধ হওয়া উচিত। সেটা (ম্যাচ বয়কটের আহ্বান) এখন অতীত। খেলা চলবে।”

তবে গাঙ্গুলির এই অবস্থান বদল ভক্তদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি করেছে। অনেকেই প্রশ্ন তুলছেন, সন্ত্রাসবাদবিরোধী অবস্থান থেকে ভারতীয় ক্রিকেট এত দ্রুত পিছিয়ে গেল কেন?

বিশ্লেষকরা বলছেন, টুর্নামেন্টটির আয়োজক দেশ হিসেবে ভারত সরাসরি অংশগ্রহণে অস্বীকৃতি জানাতে পারে না। তাছাড়া এশিয়া কাপ একটি বহুপাক্ষিক টুর্নামেন্ট হওয়ায় এককভাবে কোনো দলের বয়কট করা টুর্নামেন্ট কাঠামোকে বিঘ্নিত করতে পারে।

উল্লেখ্য, ভারত ও পাকিস্তানের মধ্যে দ্বিপক্ষীয় সিরিজ ২০১২ সালের পর থেকেই স্থগিত রয়েছে। দুই দেশের মুখোমুখি লড়াই এখন শুধুই আইসিসি বা এসিসি টুর্নামেন্টেই সীমাবদ্ধ।

Leave a Comment