পিআর চালু হলে দেশে আর কোনো স্থানীয় নেতার জন্ম হবে না : রিজভী

০ মতামত 55 views

সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (PR) ব্যবস্থা চালুর বিরোধিতা করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, “পিআর চালু হলে দেশে আর কোনো স্থানীয় নেতার জন্ম হবে না। এ পদ্ধতি দেশকে আরও বেশি স্বৈরশাসনের দিকে ঠেলে দেবে।”

বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে রংপুর নগরীর গ্রান্ড হোটেল মোড়ে বিএনপির কার্যালয়ে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) আয়োজিত ‘জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি’ উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান ও ব্লাড গ্রুপিং কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, “গণতন্ত্রের পক্ষে থাকা শক্তি হিসেবে আমাদের সতর্ক থাকতে হবে। আমাদের দ্বারা যেন কোনো সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত না হয়। চাঁদাবাজি, দখলবাজি—এসব যেন বিএনপি নেতাকর্মীদের সঙ্গে জড়িত না থাকে। মানুষ যেন আমাদের আচরণে কষ্ট না পায়, সেদিকে খেয়াল রাখতে হবে।”

সরকারের সমালোচনা করে তিনি বলেন, “গত ১৬ বছর ধরে বিএনপির নেতাকর্মীরা দুর্বিষহ সময় পার করেছে। কোনো তরুণ রাতে নিশ্চিন্তে ঘুমাতে পারেনি। কোনো রক্তাক্ত লাশ কোথায় পাওয়া যাবে তার নিশ্চয়তা ছিল না—তিস্তা, পদ্মা বা বুড়িগঙ্গার পাড়ে। শেখ হাসিনার করাল গ্রাস থেকে কেউ রেহাই পায়নি। গণতন্ত্রকামী কেউই নিরাপদ নয় এই শাসনব্যবস্থায়।”

তিনি আরও বলেন, “শহীদ আবু সাঈদ আইনশৃঙ্খলা বাহিনীর বন্দুকের সামনে বুক চেতিয়ে আত্মত্যাগ করেছিলেন। তাঁর আত্মদান দেশের তরুণদের জাগিয়ে তুলেছিল। সেই আন্দোলনের ঢেউয়ে আমরা পেয়েছিলাম নতুন বাংলাদেশ।”

Leave a Comment