“পুরোনো সিস্টেমে, পুরোনো আইনে বাংলাদেশ আর চলতে পারে না”—এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
শনিবার দুপুরে মৌলভীবাজারের বেরিরপাড়ে ‘দেশ গড়তে জুলাই পথযাত্রা’ শেষে আয়োজিত এক পথসভায় তিনি এ কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, “অভ্যুত্থানের পরে নানা শক্তি দেশকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছে। কিন্তু আমরা বিচার, সংস্কার এবং নতুন সংবিধানের মাধ্যমে একটি নতুন বাংলাদেশের যাত্রা শুরু করতে চাই।”
তিনি আরও বলেন, “পুলিশ হত্যাকাণ্ডকে ডমিনেট করে এর দায় অভ্যুত্থানকারী ছাত্র-জনতার ওপর চাপানোর অপচেষ্টা চলছে। অথচ আমরা এক দফায়—৩ আগস্টে—পরিষ্কার করে দিয়েছি, আমাদের লড়াই শেখ হাসিনার ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে। ফ্যাসিস্ট নিপীড়নের বিরুদ্ধে আমরা বাধ্য হয়েই প্রতিরোধ গড়ে তুলেছিলাম। আমাদের আন্দোলন ছিল রাষ্ট্রীয় দমন-পীড়ন ও বাহিনীর ফ্যাসিস্ট আচরণের বিরুদ্ধে।”
এর আগে, শহরের শহীদ মিনার থেকে ‘দেশ গড়তে জুলাই পথযাত্রা’ শুরু হয়। এটি কোর্ট রোড ও শাহ মোস্তফা সড়ক ঘুরে বেরিরপাড়ে গিয়ে শেষ হয়। এতে কয়েক হাজার মানুষ অংশ নেন বলে দাবি আয়োজকদের।
পথসভায় সভাপতিত্ব করেন মৌলভীবাজার জেলা এনসিপির প্রধান সমন্বয়কারী ফাহাদ আলম। এতে আরও বক্তব্য দেন দলের সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দীন পাটোয়ারী, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) কেন্দ্রীয় আহ্বায়ক আবু বাকের মজুমদার, জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় সংগঠক মারুফ আল হামিদ এবং জাকারিয়া ইমন প্রমুখ।