পূজার ছুটি শুরুর আগেই কক্সবাজারে পর্যটকদের ঢল

০ মতামত 31 views

শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে টানা ছুটির সুযোগে দেশের সর্ববৃহৎ সমুদ্রসৈকত কক্সবাজারে আগে থেকেই বাড়ছে পর্যটকদের ভিড়। ছুটি শুরুর আগেই সৈকতের বিভিন্ন পয়েন্টে পর্যটকদের উপস্থিতিতে মুখর হয়ে উঠেছে কক্সবাজার শহর।

সরকারি নির্বাহী আদেশ অনুযায়ী, দুর্গাপূজার মহানবমী উপলক্ষে ১ অক্টোবর (বুধবার) ছুটি ঘোষণা করা হয়েছে। পরদিন ২ অক্টোবর (বৃহস্পতিবার) বিজয়া দশমী উপলক্ষেও ছুটি থাকবে। এরপর ৩ ও ৪ অক্টোবর (শুক্র ও শনিবার) পড়েছে নিয়মিত সাপ্তাহিক ছুটি। ফলে সরকারি-বেসরকারি চাকরিজীবীরা উপভোগ করতে পারবেন টানা চার দিনের ছুটি (১-৪ অক্টোবর)।

এরই আগাম প্রভাব পড়েছে কক্সবাজারে। ২৬ সেপ্টেম্বর (শুক্রবার) সাপ্তাহিক ছুটির দিনেই শহরের কলাতলী, লাবণী ও সুগন্ধা সৈকতে ছিল পর্যটকদের উপচে পড়া ভিড়।

ঢাকার মিরপুর থেকে পরিবারসহ ঘুরতে আসা ব্যাংক কর্মকর্তা সায়েমুল হক বলেন, ‘কক্সবাজার দেশের সবচেয়ে সুন্দর ও জনপ্রিয় পর্যটন স্পট। সময় পেলেই চলে আসি। আজ সকালে পৌঁছেছি, পরিবারের সবাই দারুণ উপভোগ করছে।’

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ইতোমধ্যে শহরের প্রায় সব হোটেল ও রিসোর্টে অগ্রিম বুকিং সম্পন্ন হয়েছে। পর্যটকদের ভিড় সামাল দিতে জেলা প্রশাসন ও পর্যটন পুলিশ বেশ কিছু নির্দেশনা জারি করেছে।

হোটেল-মোটেল গেস্ট হাউস মালিক সমিতির নেতা আবুল কাশেম সিকদার বলেন, ‘পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করছি। কোনো ধরনের হয়রানি যেন না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক করা হয়েছে।’

Leave a Comment