প্রকৌশল শিক্ষার্থীদের দাবি যাচাইয়ে ৪ উপদেষ্টার নেতৃত্বে কমিটি

০ মতামত 49 views

আন্দোলনরত প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তিন দফা দাবি যাচাই ও পর্যালোচনার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের চারজন উপদেষ্টার নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানকে কমিটির সভাপতি করা হয়েছে। সদস্য হিসেবে রয়েছেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, আদিলুর রহমান খান ও অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার। এছাড়া প্রকৌশলীদের বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরাও কমিটিতে অন্তর্ভুক্ত হয়েছেন।

মন্ত্রিপরিষদের অতিরিক্ত সচিব (কমিটি ও অর্থনৈতিক) মো. হুমায়ুন কবির স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে জানানো হয়, প্রকৌশল পেশায় বিএসসি ডিগ্রিধারী ও ডিপ্লোমাধারীদের পেশাগত দাবিসমূহের যৌক্তিকতা যাচাই করে সুপারিশসহ প্রতিবেদন এক মাসের মধ্যে সরকারের কাছে দাখিল করবে কমিটি।

প্রয়োজনে নতুন সদস্য অন্তর্ভুক্ত করার (কো-অপ্ট) ক্ষমতা থাকবে কমিটির হাতে। জনপ্রশাসন মন্ত্রণালয় কমিটিকে সাচিবিক সহায়তা প্রদান করবে। প্রজ্ঞাপন জারির সঙ্গে সঙ্গেই সিদ্ধান্ত কার্যকর হয়েছে।

প্রসঙ্গত, তিন দফা দাবিতে মঙ্গলবার (২৬ আগস্ট) রাজধানীর শাহবাগ মোড় পাঁচ ঘণ্টা অবরোধ করে রাখেন বুয়েটসহ বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দাবি পূরণে সুনির্দিষ্ট আশ্বাস না পাওয়ায় বুধবার (২৭ আগস্ট) সারাদেশের প্রকৌশলীরা ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচি পালন করছেন। ইতোমধ্যেই শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করছেন তারা।

Leave a Comment