প্রথম ১০ দিনেই ই-রিটার্ন দাখিল করলেন প্রায় ১ লাখ করদাতা

০ মতামত 97 views

২০২৫-২৬ কর বছরের জন্য আয়কর রিটার্ন অনলাইনে দাখিল কার্যক্রম শুরুর প্রথম ১০ দিনেই প্রায় এক লাখ করদাতা ই-রিটার্ন দাখিল করেছেন। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে জানা গেছে, ১৩ আগস্ট পর্যন্ত অনলাইনে রিটার্ন দাখিল করেছেন ৯৬ হাজার ৯৪৫ জন করদাতা।

এনবিআর এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গত ৪ আগস্ট অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ ই-রিটার্ন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এর মাত্র ১০ দিনের মাথায় রিটার্ন দাখিলের এই সংখ্যা গত বছরের তুলনায় উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। ২০২৪-২৫ কর বছরে প্রথম ১০ দিনে অনলাইনে রিটার্ন দাখিল করেছিলেন ২০ হাজার ৫২৩ জন করদাতা। অর্থাৎ, চলতি বছরে রিটার্ন দাখিলের দৈনিক গড় হার গত বছরের তুলনায় প্রায় ৫ গুণ বেশি।

এনবিআরের নির্দেশনা অনুযায়ী, বর্তমানে ব্যক্তি শ্রেণির সব করদাতার জন্য আয়কর রিটার্ন অনলাইনে দাখিল বাধ্যতামূলক করা হয়েছে। তবে কয়েকটি ক্ষেত্রে ব্যতিক্রম রয়েছে। এসব ব্যতিক্রমের আওতায় রয়েছেন—

  • ৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সী করদাতা,
  • শারীরিকভাবে অক্ষম বা বিশেষ চাহিদাসম্পন্ন করদাতা,
  • বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিক এবং
  • মৃত করদাতার পক্ষে আইনগত প্রতিনিধি।

এছাড়া, ১১ আগস্ট এনবিআরের জারি করা সংশোধিত আদেশে বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিকদেরকেও এই বাধ্যবাধকতা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

তবে ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধন সংক্রান্ত সমস্যার কারণে যদি কোনো করদাতা অনলাইনে রিটার্ন দাখিল করতে না পারেন, সে ক্ষেত্রে ৩১ অক্টোবর ২০২৫-এর মধ্যে সংশ্লিষ্ট উপকর কমিশনার বরাবর সুনির্দিষ্ট কারণ উল্লেখ করে আবেদন করতে পারবেন। অতিরিক্ত বা যুগ্ম কর কমিশনারের অনুমোদন সাপেক্ষে তিনি পেপার রিটার্ন দাখিলের সুযোগ পাবেন।

এনবিআর জানিয়েছে, www.etaxnbr.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে করদাতারা সহজেই ই-রিটার্ন দাখিল করতে পারছেন। ই-রিটার্ন কার্যক্রমের গতি দেখে এনবিআর এ বছর সময়মতো রিটার্ন দাখিলের হার উল্লেখযোগ্য হারে বাড়বে বলে আশা করছে।

Leave a Comment