ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে নিহত অন্তত ২৬

০ মতামত 33 views

ফিলিপাইনের মধ্যাঞ্চলে ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত ২৬ জনের মৃত্যু হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বোগো শহর, যেখানে প্রাণ হারিয়েছেন ১৯ জন।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাত ১০টার কিছু আগে সেবু সিটির উপকূলে এই ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পের ফলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায় এবং বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ নিহতের সংখ্যা নিশ্চিত করেছে। সেবুসহ আশপাশের বেশ কয়েকটি শহর ও পৌরসভায় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

ভূমিকম্পের পর তাৎক্ষণিকভাবে সুনামি সতর্কতা জারি করা হলেও পরে তা প্রত্যাহার করে নেয় ফিলিপাইন ইনস্টিটিউট অব ভলকানোলজি অ্যান্ড সিসমোলজি (Phivolcs)। সংস্থাটি জানায়, সমুদ্রপৃষ্ঠে সামান্য পরিবর্তন দেখা গেলেও তা বিপজ্জনক নয়।

সেবু শহর ভিসায়াস অঞ্চলে অবস্থিত, যার জনসংখ্যা প্রায় ১০ লাখ। প্রদেশজুড়ে জরুরি অবস্থা জারির অংশ হিসেবে সব শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান স্থগিত করা হয়েছে।

Leave a Comment